চকলেট বয় টাইপের নায়ক আমার পছন্দ: শাবনূর
একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন ফুল নিয়ে মশগুল। ফেসবুকে ফুলের ছবি পোস্ট করছেন প্রায়ই। মেসেঞ্জারে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন ফুলের প্রতি ভালোবাসার কথা। আলাপের ফাঁকে উঠে এল দেশ–বিদেশের পছন্দের তারকাদের নামও।
"ফুল তো বরাবরই আমার পছন্দ। ফেসবুক না থাকলেও অনেকেই জানতেন না। অস্ট্রেলিয়ায় আসার পর দেখলাম, এখানে ফুলের উৎসব হয়। ফুল সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবারও সিডনির ফ্লাওয়ার ফেস্টিভ্যালে গেছিলাম। ফেরার পথে সিডনির বাসার কাছের পার্কেই এইসব ফুলের সামনে ছবি তুলেছি।"
কোন ফুল পছন্দ?
"সাদা রঙের যত ফুল আছে, সবই আমার পছন্দ। যেমন, বেলি, রজনীগন্ধা, সাদা গোলাপ, দোলনচাঁপা, বকুল।"
ছবিতে মাথায় গোঁজা ফুল?
"বেলি। অন্য কোনো ফুলের কথা ভাবতে পারি না। যাঁরা আমার সিনেমা দেখেছেন, তাঁরাও খেয়াল করেছেন নিশ্চয়ই। আমার সিনেমার বেশির ভাগ গানেই বেলি ফুল থাকত। বিশেষ করে বেলি ফুল ফোটার সময় অবশ্যই থাকত। আমার ভক্তরাও জানেন, বেশির ভাগ গানেই আমি বেলি ফুলে সাজা। তখন মনে মনে ভাবতাম, ভবিষ্যতেও এভাবে বেলি ফুলে সাজা আমাকে দেখতে পারব। বয়স হলে এসব দেখে স্মৃতিকাতরতায় মুছে যাব।"
প্রথমবার ফুল পেয়েছিলেন কার কাছ থেকে?
"দেশের কথা মনে নেই। সবচেয়ে মজার ঘটনাটা সিডনিতেই ঘটছে। পাঁচ বছর ধরে প্রায় প্রতিদিনই একটা ছেলে আমার বাসার সামনে গোলাপ ফুল রেখে যায়। সে আমার মস্ত বড় ভক্ত, এখন অনেক পরিচিত হয়ে গেছি আমরা। নামটা বলতে চাই না। যখনই আমার বাসার দিকে আসে, দরজার কাছে গোলাপ ফুল রেখে যায়। আমার খুব ভালো লাগে। প্রায় প্রতিদিনই বাসার গেট খুলে দেখি, একটা গোলাপ ফুল। বুঝে যাই, ওই মানুষটাই দিয়েছে। গোলাপটা নিয়ে আসি, একটু সময় পর পাপড়ি ছিঁড়ে পানিতে ভিজিয়ে রাখি। তারপর সেই পাপড়ি আবার শুকিয়ে নিয়ে একটা বোতলে ভরে রাখি। এত বছরে যে যত গোলাপ দিয়েছে, সব পাপড়িই বোতলে ভরে রেখেছি।"
গোলাপ দেওয়ার সময় দেখা হয়?
"না, ফুল রেখে চলে যায়।"
এভাবে প্রতিদিন ফুল দেওয়া…
"অনেকে আছেন, যাদের ফুলের তোড়া উপহার দিতে ইচ্ছে করে। কিন্তু দেশের বাইরে আমার সবচেয়ে পছন্দের টম ক্রুজ। বুড়ো হয়ে গেলেও একবার দেখা করতে চাই। যুবতী থাকতেই মধুমিতায় টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ দেখেছিলাম। এই ছবি দেখেই টম ক্রুজের প্রেমে পড়েছিলাম। ছবি দেখার পর থেকেই ‘লা পেরুজ’ জায়গাটার মুগ্ধতা আমাকে আকর্ষণ করে। ভেবেছিলাম, এত সুন্দর অস্ট্রেলিয়া! যদি কোনো দিন যেতে পারতাম! তারপর সিনেমায় অভিনয় শুরু করার অনেক দিন পর দেখলাম, টম ক্রুজ যেখানে শুটিং করেছেন, লা পেরুজ, সেখানে গেছি। সামনাসামনি জায়গাটা দেখেও মুগ্ধ হয়েছি। কতটা ভালো লেগেছিল, সত্যিই বলে বোঝানো যাবে না। এখন তো লা পেরুজ ডালভাতের অংশ হয়ে গেছে। আমার ছেলে আইজানকে বলেছি, আমার অনেক শখ টম ক্রুজের সঙ্গে দেখা করার। টম ক্রুজ বুড়ো হয়ে গেলেও একবার দেখা করবই। আমার ছেলেও বলেছে, সে বড় হলে আমাকে আমেরিকা নিয়ে যাবে। দেখা করিয়ে দেবে। আমিও টম ক্রুজের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে আছি। সামনাসামনি দেখা হলে একগুচ্ছ গোলাপ দেব।"
এই তালিকায় অন্য কেউ আছেন?
"অবশ্যই আছেন। টম ক্রুজের পাশাপাশি ব্র্যাড পিটকেও ভীষণ পছন্দ করি। লিওনার্দো ডিক্যাপ্রিও তো আমার ক্রাশ। ‘টাইটানিক’ দেখার পর থেকেই সে আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে চাই না, তবে ভালো লাগত কেন! চকলেট বয় টাইপের নায়কদের আমি সবসময় পছন্দ করি। আমি তাই সবসময় চকলেট বয়দের সঙ্গেই কাজ করছি। খুঁজে খুঁজে চকলেট বয় নায়কদের সঙ্গে কাজ করছি। আমার নায়কদের তালিকা দেখলেও তা বোঝা যাবে। যেমন আমার বেশির ভাগ ছবির নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, শাকিব—সবাই চকলেট বয়। আমার সবকজন নায়কই চকলেট বয় টাইপের।"