নেইমার আবারও চোটে, বদল হিসেবে নেমে খুঁড়িয়ে চলে গেলেন মাঠ ছাড়তে হল
নেইমার এবং চোট যেন একে অপরের পরিপূরক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই তাকে কোনো না কোনো সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়। সবশেষ চোটের কারণে তিনি এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। গত সপ্তাহেই সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু ফেরার পরপরই তিনি আবার চোটে পড়েছেন।
গতকাল আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিরুদ্ধে ৫৮তম মিনিটে আল হিলালের কোচ তাকে বদল হিসেবে মাঠে নামিয়েছিলেন। কিন্তু ৮৬তম মিনিটে তাকে বদল করতে হয়েছে। তিনি মাঠ ছাড়ছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার যখন মাঠে নামেন, তখন আলেক্সান্দার মিত্রোভিচের জোড়া গোলে আল হিলাল ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। নেইমার মাঠ ছাড়ার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আল হিলালও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি এস্তেগলাল এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে।
ম্যাচের ৮৪তম মিনিটে নেইমার তার ঊরুতে সমস্যা অনুভব করেন। তিনি সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করান। কিন্তু তিনি আর মাঠে নামতে পারেননি। দুই মিনিট পর তাকে তুলে নেন আল হিলালের কোচ। এর আগে হাঁটুর লিগামেন্টের চোটের কারণে নেইমার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন।
‘টেনিসের রানি’র সঙ্গে দেখা করে আপ্লুত নেইমার