‘আওয়াজ উড়া’ কনসার্টে গাইবেন হান্নান
ছাত্র-জনতার আন্দোলনী গণ-উত্থানে বাংলা র্যাপ সংগীতের উন্মাদনা ছড়িয়েছে। এই ধারারই একটি ভাইরাল গান হল ‘আওয়াজ উড়া’। এই গানের কারণে নারায়ণগঞ্জের র্যাপার হান্নানকে জেলেও যেতে হয়েছিল। এবার এই গানকে নিয়ে ‘আওয়াজ উড়া’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। কাল সন্ধ্যা ছয়টায় নন্দন মঞ্চে এই আয়োজনে র্যাপার হান্নানও গাইবেন।
শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আয়োজনে নিজেদের ভাষায় গান করবেন লুম্বিনী চাকমা, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা, ডিউক মুরমু ও সমাপন স্মাল। এছাড়াও থাকবে নারীদের ব্যান্ড এফ মাইনর, ডেমোক্রেসি ক্লাউনস, গায়ক আহমেদ হাসান সানি।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সম্মিলিত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গায়ক-গায়িকারা। সম্মিলিত সংগীত ‘আমরা করব জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউনস। আহমেদ হাসান সানি ও এফ মাইনরের পরে গাইবেন জিন ব্রাদার্স। সর্বশেষে সম্মিলিত সংগীত ‘মোরা ঝড়ের মতো’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গায়ক-গায়িকারা।
এই আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল।
‘আওয়াজ উড়া’ র্যাপার হান্নানকে গ্রেপ্তার করা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির সমালোচক বক্তব্যের প্রতিবাদ জানাবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। ‘আওয়াজ উড়া’ সবার জন্য উন্মুক্ত থাকবে।