**পশ্চিমবঙ্গের চিকিৎসকদের অনশন প্রত্যাহার**
কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকেরা ১৭ দিনের আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন। আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার তদন্ত ও বিচারের দাবিতে তারা এ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।
অনশন প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আন্দোলনরত চিকিৎসকেরা স্বাস্থ্য খাতের কর্মবিরতি কর্মসূচিও প্রত্যাহার করে নিয়েছেন। অনশন মঞ্চ থেকে তারা জানিয়েছেন যে, সাধারণ মানুষের কথা চিন্তা করেই তারা অনশন তুলে নিয়েছেন। তবে আগামী শনিবার আর জি কর হাসপাতালে তারা মহাসমাবেশের আয়োজন করবেন।
বৈঠকে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে বরখাস্তের দাবি জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে নেননি। তার মতে, স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই। তবে স্বাস্থ্যসচিবের দুর্নীতির তথ্য-প্রমাণ মমতার কাছে জমা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
রাজ্যের সব মেডিক্যাল কলেজে টাস্কফোর্স নিয়োগের দাবি নিয়েও চিকিৎসকদের সঙ্গে মমতার মতের অমিল দেখা গিয়েছে। তবে মমতা বৈঠকে চিকিৎসকদের ‘থ্রেট কালচার’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন যে, আর জি কর হাসপাতালের নির্যাতিত 47 জন চিকিৎসক ও কর্মচারীকে শাস্তি দেওয়ার বিষয়ে তারা রাজ্য সরকারকে কিছুই জানাননি।