চাঁদের বিভিন্ন ভাব দেখার জন্যই মূলত পৃথিবী থেকে কখনো কখনো পূর্ণ চাঁদ দেখা যায়। সূর্যের চারপাশে পৃথিবী আর পৃথিবীর চারপাশে চাঁদ যেভাবে ঘুরে, তার জন্য চাঁদের দৃশ্যমান আকৃতির পরিবর্তন ঘটে থাকে। গড়ে ২৯ দশমিক ৫৩ দিনে চাঁদের বিভিন্ন রূপ দেখা যায়। এই চক্রের একটা পর্যায়ে চাঁদের দৃশ্যমান অংশের ঠিক অর্ধেক অন্ধকার আর অর্ধেক আলোকিত হয়, এটাকেই আমরা অর্ধচন্দ্র বলি। শৌখিন জ্যোতির্বিদরা এই বিষয়গুলো ভীষণ উপভোগ করেন। তাদেরই আনন্দকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে দিতে গুগল প্রথমবারের মতো একটা আলাদা ধরনের ডুডল গেম চালু করেছে। অক্টোবর মাসের আকাশে থাকা অর্ধচন্দ্রকে উদযাপন করছে এই নতুন ডুডল।
আজ বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আকাশে অর্ধেক চাঁদ বা অর্ধচন্দ্র দেখা যাচ্ছে। সেই উপলক্ষে গুগল তাদের নতুন ‘রাইজ অফ দ্য হাফ মুন’ শিরোনামের ডুডল সম্পর্কে বলেছে যে, এই ডুডলের মাধ্যমে তোমাদের চন্দ্রচক্র-সম্পর্কিত জ্ঞান পরীক্ষা করা যাবে। এই রাইজ অফ দ্য হাফ মুন শিরোনামের ডুডলে তোমাকে চাঁদের বিভিন্ন পর্যায় দেখানো বিভিন্ন কার্ডের সঙ্গে মিলানো খেলাটা করতে হবে। গুগলের এই নতুন ইন্টারঅ্যাকটিভ গেম থেকে তুমি বের করতে পারবে যে, চন্দ্রচক্র সম্পর্কে কতটা জানো। এর মাধ্যমে তুমি চাঁদের বিভিন্ন পর্যায়ের কথা জানতে পারবে।
গেমটাতে থাকা বিভিন্ন কার্ডে চাঁদের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। পয়েন্ট অর্জন করতে খেলোয়াড়দের চন্দ্রচক্রের বিভিন্ন কার্ড মেলাতে হবে। বিভিন্ন কার্ডে চাঁদের বিভিন্ন পর্যায়ের অবস্থা দেখানো আছে। চক্র যদি মেলে তাহলে পয়েন্ট পাবে। পরপর তিনটি ম্যাচে জিতে গেলে খেলোয়াড়রা চাঁদে পৌঁছে যেতে পারবেন। এই রাইজ অফ দ্য হাফ মুন শিরোনামের ডুডলে খেলোয়াড়রা চন্দ্রচক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে শেখার পাশাপাশি অক্টোবরের অর্ধচন্দ্রের উদযাপন করতে পারবে। গুগল এই বিশেষ অনলাইন গেমটা নিয়ে এসেছে আলাদা মাত্রায়। প্রথম লেভেলে তোমাকে খেলতে হবে ৩x৩ বোর্ডে, তারপরে দ্বিতীয় লেভেলে ৪x৩ বোর্ডে খেলবে। পরের পর্যায়ে বোর্ড ক্রমশ বড় হতে থাকবে।
গুগল সার্চ ইঞ্জিনের মূল পাতায় মাঝেমধ্যেই বিশেষ দিনগুলোকে স্মরণ করতে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড কার্টুন বা অন স্ক্রিন গেম দেখা যায়। ইন্টারনেট ব্যবহারকারীরা এই গেমগুলো খেলতে বেশ আগ্রহ দেখায়। প্রথমদিকে এই গেমটি খেলতে একটু কষ্ট হলেও ধীরে ধীরে তুমি চাঁদের বিভিন্ন পর্যায় সম্পর্কে মেলানো শিখে যাবে। চন্দ্রচক্র মিলানোর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে এক একটি লেভেল পেরিয়ে উঠতে হবে।
সূত্র: স্কাই ম্যাগাজিন