লিংকডইন অ্যাকাউন্টে অনুসারীদের সংখ্যা কম দেখাচ্ছে
পেশাদারদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তিও পাওয়া যায়। তাই অনেকেই আপডেট থাকার জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফলো করেন। লিংকডইন প্রোফাইলে অনুসারীদের সংখ্যা দেখানো হয়, যাতে অপরিচিতরাও তা সহজেই দেখতে পারেন। তবে সম্প্রতি অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, কোনো কারণ ছাড়াই তাদের লিংকডইন অ্যাকাউন্টে অনুসারীদের সংখ্যা কমে গেছে।
ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর খুদে ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) লিংকডইন জানিয়েছে যে, একটি কারিগরি সমস্যার কারণে কিছু ব্যবহারকারীর কানেকশন এবং অনুসারীদের সংখ্যা পরিবর্তন হয়েছে। সমস্যাটি ইতিমধ্যে সমাধান করা হয়েছে।
অনুসারীদের সংখ্যা কমে যাওয়ার এই ঘটনায় অনেক ব্যবহারকারী ভেবেছিলেন যে, লিংকডইন হয়তো নিষ্ক্রিয় বা ভুয়া অ্যাকাউন্ট মুছে দিচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর লিংকডইন দ্রুত কারিগরি সমস্যাটি সমাধান করলেও কোনো বিস্তারিত তথ্য দেয়নি। ফলে, যারা লিংকডইনের উপর পেশাদার নেটওয়ার্কিং এবং মার্কেটিংয়ের জন্য নির্ভরশীল, তাদের মধ্যে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
লিংকডইনের মার্কেটপ্লেসে নিবন্ধন করেছেন ১ কোটি ফ্রিল্যান্সার