• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

শুধু উদ্ভিজ্জ খাবার খাওয়া: স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর?

শুধু শাকসবজি খেলে কি স্বাস্থ্যের জন্য ভালো?

শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্তত পাঁচটি শাকসবজি ও দুটি ফল খাওয়া উচিত। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দিনে চার থেকে পাঁচ রকমের শাকসবজি ও ফল খেতে বলে। কারণ, নিয়ম করে শাকসবজি খেলে হৃদরোগের ঝুঁকি কমে ২০ শতাংশ। এ ছাড়া রক্তচাপও কমে যায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ক্যানসার হওয়ার সম্ভাবনা কমে। টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। অন্ত্রের সমস্যাগুলোও কমে। হজমক্ষমতাও বাড়ে।

এসব কারণে অনেকেই এখন শুধু শাকসবজি খাচ্ছেন। শুধু এই ধরনের খাবার খেলে শরীরে আর কী কী হতে পারে, তা জানা দরকার।

শক্তি উৎপাদন কমে যায় এবং ওজন কমে

যখন আমরা মাংস খাওয়া ছেড়ে শুধু শাকসবজি খাই, তখন শরীরে ক্যালরির ঘাটতি হয়। কারণ, প্রাণিজ উৎসের খাবারের তুলনায় উদ্ভিদজ উৎসের খাবারে ক্যালরি কম থাকে। ফলে ওজন অনেক কমে যায়। শুধু শাকসবজি খেলে বা অন্য কোনো শর্করা জাতীয় খাবার না খেলে শরীরের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হতে থাকে, যা শরীরের শক্তি জোগায়। ফলে শরীরে শক্তি কমে যায় এবং বেশি ক্লান্তি লাগে।

‘লিকি গাট’ সমস্যা

শাকসবজিতে প্রোটিনের পরিমাণ কম থাকে। তাই প্রোটিনের উৎস হিসেবে ডালজাতীয় খাবার বেশি খেতে হয়। ডালে ফাইটেট ও লেকটিন নামক উপাদান থাকে, যা শরীরে পুষ্টি শোষণে বাধা দেয়। এতে পুষ্টির ভারসাম্যহীনতা হয় এবং অন্ত্রের সমস্যা দেখা দেয়।

হরমোনের সমস্যা

প্রোটিনের চাহিদা মেটাতে নিরামিষাশীরা সয়া খান। কখনো দুধ আবার কখনো টফু হিসেবে। এসব খাবারে প্রচুর ফাইটোস্ট্রোজেন থাকে, যা হরমোনে ক্ষতিকর প্রভাব ফেলে। এ ছাড়া প্রাণিজ প্রোটিন না থাকায় ত্বকের সমস্যা, চুল পড়া, অনিয়মিত মাসিক, বিবর্ণ চামড়া ইত্যাদি সমস্যাও দেখা দেয়।

আয়রনের ঘাটতি

শাকসবজিতে আয়রন থাকলেও তা শরীরে ভালোভাবে শোষিত হয় না। তাই নিরামিষাশীদের আয়রন ঘাটতি হয়। এর কারণে অবসাদ ও রক্তস্বল্পতা দেখা দেয়।

ভিটামিন বি ১২-এর ঘাটতি

ভিটামিন বি ১২ শরীরের জন্য খুবই জরুরি। এর অভাবে শরীরে অনেক ক্ষতি হতে পারে। সাধারণত এই ভিটামিন প্রাণিজ খাবার থেকেই পাওয়া যায়।

বিষণ্নতা বাড়ে

নিরামিষাশীরা মাছ ও মাছের তেল খান না, তাই তাদের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা যায়। এতে বিষণ্নতা বাড়তে পারে।

খাবার গ্রহণে অনীহা বৃদ্ধি

অ্যানোরেক্সিয়া নামক মানসিক ব্যাধিতে ভুগলে খাবারে অনীহা দেখা দেয়, ক্ষুধা কমে যায়।

হাড় দুর্বল হয়

পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে হাড় দুর্বল হয়ে যায়।

এ ছাড়াও প্রয়োজনের বেশি শাকসবজি খেলে হজমজনিত সমস্যা, যেমন গ্যাস, পেট ফাঁপা ও ডায়রিয়া হতে পারে। শরীরে সুস্থভাবে কাজ করার জন্য বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন। এক ধরনের খাবারই সবকিছুর জন্য পর্যাপ্ত নয়। তাই ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাজিয়া মাহমুদ, পুষ্টিবিদ, প্যানকেয়ার হাসপাতাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *