• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |

‘একলা চলো রে’ গানের নাচে অশ্লীল ভঙ্গিমা! ঘটনার পেছনে রহস্যের কথা জানালেন কৃষ্ণ

‘একলা চলো রে’ গানে অশালীল অঙ্গভঙ্গি! ক্ষুব্ধ শ্রীজাত

নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ রবীন্দ্রনাথ ঠাকুরের অমর গান ‘একলা চলো রে’ নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের কবি-গীতিকার-নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাতে একটি দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের অভিযোগ তুলে ধরেন শ্রীজাত। এরপর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের শিল্পী ও কলাকুশলীরা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক টাইমস অব ইন্ডিয়াকে নিজের প্রতিক্রিয়া জানান।

কৃষ্ণ অভিষেক নেটফ্লিক্সের ওয়েব ফিল্ম ‘দো পাত্তি’র প্রচারের জন্য কপিলের শো-তে এসেছিলেন অভিনেত্রী কাজল ও কৃতি শ্যাননকে সঙ্গে নিয়ে। শ্রীজাতের অভিযোগ এই পর্ব ঘিরেই।

শ্রীজাত লিখেছেন, ‘কাজল বাঙালি বংশোদ্ভূত হওয়ায় সম্ভবত কৃষ্ণ অভিষেক রবীন্দ্রনাথের একটি গানকে রসিকতার উপকরণ হিসেবে বেছে নেন। হঠাৎ করে এটা হয়নি, চিত্রনাট্য অনুযায়ীই এমনটা করা হয়েছে। ঠিক কী ঘটেছে, কীভাবে ঘটেছে, সেটা এখানে বিস্তারিত বলব না। তবে কৃষ্ণ অভিষেক “একলা চলো রে” গানটিকে নিয়ে যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথা ব্যবহার করেছেন, তা অন্তত আমার চোখে সম্মান এবং শালীনতার সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে। যে বা যাঁরা এই কৌতুকের দৃশ্য লেখা, উপস্থাপনা, অনুমোদন এবং সম্প্রচারে জড়িত ছিলেন, আমি তাঁদের সবার বিরুদ্ধে স্পষ্টভাবে অভিযোগ জানাচ্ছি।’

পরে শ্রীজাত ঘটনাটির জন্য সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। তিনি বলেন, ক্ষমা না চাওয়া হলে আইনত ব্যবস্থাও নেওয়া হবে। এরপর টাইমস অব ইন্ডিয়া কৃষ্ণের সঙ্গে কথা বলে। কৃষ্ণ তখন অনুষ্ঠানের কাজে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছিলেন।

লস অ্যাঞ্জেলেস থেকে কৃষ্ণ বলেন, ‘আমার বা আমার দলের কোনো সদস্যের কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধু বিনোদনের জন্য পারফর্ম করি, কাউকে আঘাত করার জন্য নয়। আমি সৃজনশীল দলের সঙ্গে কথা বলব এবং দেখব কী করা যায়।’

কৃষ্ণের প্রতিক্রিয়ার পর শ্রীজাত আরেকটি ফেসবুক পোস্টে নিজের মতামত জানান। তিনি লিখেছেন, ‘কৃষ্ণ অভিষেক বলেছেন, কাউকে আঘাত করা নয়, শুধু বিনোদনই ছিল তাঁর উদ্দেশ্য। এ-বিষয়ে অনুষ্ঠানের ক্রিয়েটিভ টিমের সঙ্গেও কথা বলবেন তিনি। এক দিনের ছুটির পর এটিও আমার কাছে একটা বড় পদক্ষেপ।’

তবে পুরো ঘটনা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কপিল শর্মা বা নেটফ্লিক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *