বলিউডের আর এক তারকা জুটি মা-বাবা হতে চলেছেন। জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিলেন তারা। দুই থেকে তিন হওয়ার খুশি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কে এল রাহুল। জানিয়েছেন, আগামী বছরেই তাদের ঘরে আসবে প্রথম সন্তান। নানা হচ্ছেন সুনীল শেঠি।
২০২৩ সালে বিয়ে করেন কে এল রাহুল ও আথিয়া শেঠি। চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মা-বাবা হচ্ছেন আথিয়া-রাহুল। যদিও সেই সময়ে এ খবরের কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা। এবার সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীল-কন্যা।
মাস কয়েক আগে একটি রিয়েলিটি শো-এর মঞ্চে সঞ্চালক ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাব।’ সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। বলিউড তারকাদের মধ্যে সোনাক্ষী সিংহা, বাণী কাপুর ও এষা গুপ্ত শুভকামনা জানিয়েছেন আথিয়াকে।