পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেল আরেকটি
দেশের আরেকটি কারখানা ‘পরিবেশবান্ধব কারখানা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কারখানার নাম হলো ‘কটন ফিল্ড বিডি লিমিটেড’। তারা লিড সনদের সর্বোচ্চ শ্রেণি ‘প্লাটিনাম’ পেয়েছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (BGMEA) সূত্রে জানা গেছে, এটি বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত ২৩০তম কারখানা। এর মধ্যে প্লাটিনাম সনদ প্রাপ্ত হয়েছে ৯১টি কারখানা, গোল্ড লাভ করেছে ১২৪টি, সিলভার পেয়েছে ১০টি এবং সার্টিফায়েড সনদ পেয়েছে ৪টি কারখানা। বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় লিড সনদ প্রাপ্ত কারখানার মধ্যে ৬২টি এখন বাংলাদেশে।
এই বছর এ পর্যন্ত মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিলো ২৪টি এবং ২০২২ সালে ৩০টি। ২০১১ সালে প্রথম দুটি বাংলাদেশী কারখানা লিড সনদ পেয়েছিল।
কটন ফিল্ড বিডি লিমিটেড যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এই সনদ পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হয়। ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি নম্বর পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
বিশ্বের অনেক প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দেয়, তার মধ্যে অন্যতম হলো USGBC। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসির যে সনদের নাম ‘লিড’। এর পূর্ণরূপ হলো ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’। এই সনদ পেতে প্রতিটি প্রকল্পে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণকাজ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মানদন্ড মেনে চলতে হয়।